• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন যশোরের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ণ
চলে গেলেন যশোরের  বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস।

যশোর প্রতিনিধি : আজ দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন যশোরের বিশিষ্ট নাট্যকর, যশোর সংস্কৃতিকেন্দ্রের সহ সভাপতি , দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার মোস্তফা রুহুল কুদ্দুস।

মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্লা পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন।

১৯৮৩ সালে ফাজিল শ্রেণীতে অধ্যয়নকালে দৈনিক স্ফুলিঙ্গের ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। যশোর প্রেসক্লাবের দীর্ঘ দিন নির্বাচিত কোষাধ্যক্ষ ছিলেন।
মৃত্যুকালে দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চীফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে ‘প্রথম আলো ট্রাস্ট’ আয়োজিত মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা, নাটক মঞ্চায়নে পুরষ্কার লাভ করেন। ২০০৫ সালে শিশুতোষ নাটক রচনা করেন।
১৯৯৬ সালে শিশু একাডেমির শিশু নাট্য প্রতিযোগিতায় কাজের ছেলে প্রতিযোগিতায় ক্যান্সার নাটকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। বিভিন্ন পত্র পত্রিকায় ছড়া কবিতা গল্প, গান, নাটক নিয়মিত লেখালেখি করেন। প্রকাশিত বই ছয়টি। মঞ্চস্থ নাটক অর্ধশতাধিক। গল্প, নাটক, ছড়া, সাংবাদিকতা, ইসলামী ও পাঠ্যবইসহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও তিন মেয়ের জনক। স্ত্রী আনোয়ারা খাতুন একটি স্কুলের শিক্ষিকা।