• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোন ফোর্স কারো ব্যক্তি দায় নিবে না- গোপালগঞ্জে র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
কোন ফোর্স কারো ব্যক্তি দায় নিবে না- গোপালগঞ্জে র‍্যাব মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে র্যাবের নব নিযুক্ত মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোন ফোর্স কারো ব্যক্তি দায় নিবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে তার জন্য ফোর্স দায়ি না এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সাথে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোন সম্পর্ক নেই।

আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে র‍্যাবের নব নিযুক্ত মহাপরিচালক এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জন নিরাপত্তা ও জন জনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‍্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।

তিনি আরও বলেন, ২০১৬ সালে যেই জঙ্গি হামলা হয়েছে এরপর এমন আর কোনো ঘটনা ঘটেনি। কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন যেগুলো হয়েছে। সেই কারণেই এমন পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি। সেক্ষেত্রে বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‍্যাব প মহাপরিচালক। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্ণেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মোঃ ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্ণেল ফায়েজুল আরিফিন সহ র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা উপস্থিত ছিলেন। #