গৌরনদী (বরিশাল) প্রতিনিধি\ বরিশালের মুলাদী উপজেলার একতার বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে দুই কিলোমিটার লম্বা নিষিদ্ধ পাইজাল জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে দুপুরে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মেহেন্দীগঞ্জের ভাসানচর থেকে আসা একটি ট্রলার থেকে ১০ লাখ টাকা মূল্যের দুই কিলোমিটার লম্বা পাইজাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ট্রলার সহ পাঁচজনকে আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুলাদী থানার এসআই মোঃ আল আমিন।