• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতার সাজা, পদ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
গোপালগঞ্জের মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতার সাজা, পদ থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বাঁধন হাজরাসহ দুই যুবককে ২ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তানভীর ইসলাম বাঁধন হাজরাকে বহিস্কাীর করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (০৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে তাদের আটক করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত তানভীর ইসলাম বাঁধন হাজরা কোটালীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলামের ছেলে। অপর সাজাপ্রাপ্ত আসামি জয়ন্ত সাহা (২৮) ঘাঘর বাজারের দুলাল সাহার ছেলে।

ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবন করছিলেন তানভীর ইসলাম বাঁধন হাজরা ও জয়ন্ত সাহা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ২ দিনের সাজা প্রদান করেন।

এদিকে, দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তানভীর ইসলাম বাঁধন হাজরাকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।

আজ রবিবার (০৯ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আমির হামজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, গোপালগঞ্জ জেলা শাখার জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তানভীর ইসলাম বাঁধন হাজরাকে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হলো।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা জানান, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। যে কারনে তাকে কোটালীপাড়ার রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। #