স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। এ ঈদগাহে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পৌর মেয়র শেখ রকিব হোসেনসহ ১০ হাজার মুসুল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেন।
এরপর সকাল ৮ টায় থানাপাড়া জামে মসজিদে দ্বিতীয় ও সকাল সাড়ে ৮টায় গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ৩০ মিনিট পরপর পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে সুবিধামত সময় এবং জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং সারা মুসলিম উমহাসহ ফিলিস্তিনের জনগনের জন্য দোয়া ও মোনাজাত করেন মুসুল্লীরা। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।
ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, মুসুল্লীরা যাতে নির্বিঘ্নে ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছিল। ১০ হাজার মুসুল্লী একসাথে ঈদগাহে ঈদের নামাজ আদায় করলো। সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে ঈদ উদযাপন করবে এই আশা রাখছি।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, ঈদ সকল শ্রেনী পেশার মানুষের মাঝে সম্প্রতি, ঐক্য ও সুসম্পর্কের বন্ধন সৃষ্টি করে। ঈদ শুধু আমাদের আনন্দ দেয় না ত্যাগের মহিমার শিক্ষা দেয়। আমরা সকলে মিলে ত্যাগের মহিমায় একটি সুন্দর জাতি ও দেশ গড়ে তুলবো। #