• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২৪, ১৬:১২ অপরাহ্ণ

দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর দশমিনায় এক অজ্ঞাত যুবতীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন তিন তলা ভবনের নীচতলায় সিড়ির রুমের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন বা অন্য কোনো আলামত নেই।
বিদ্যালয়টির নৈশ প্রহরী ইউসুফ জোমাদ্দার বলেন, আমি রাতে বিদ্যালয়ে ঘুমিয়েছিলাম। ফজরের নামাজ রুমেই পড়ি। সকালে বের হয়ে দেখি নীচতলায় সিড়ির রুমের সামনে কলাপসিবল গেটের বাহির পাশে অজ্ঞাত পরিচয়ের ওই নারী ঘুমাচ্ছে। অনেক সময়ই মানসিক ভারসাম্যহীনদের এখানে ঘুমাতে বা বসে থাকতে দেখা যায়।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন দাবি করে বলেন, এরআগে ওই নারীকে কখনো দেখিনি। প্রায়শই বিভিন্ন মানসিক ভারসাম্যহীন প্রকৃতির লোকদের এখানে দেখা যেত। কিন্তু সকাল ১১ টার পর যখন দেখি কোনো নড়াচরা ছাড়াই একইভাবেই শুয়ে আছে এবং অসংখ্য পিপড়া নাক মুখ ও কানের মধ্যে আসা যাওয়া করছে তখন সন্দেহ হলে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে ওই প্রধান শিক্ষক বলেন, এর আগে অজ্ঞাত ওই নারীকে দশমিনার অনেক স্থানে পাগলের বেশে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
দশমিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাস বলেন, সুরতহাল শেষে লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।