গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ঈদযাত্রা নিরাপদ ও যাত্রী ভোগান্তি কমাতে বরিশালের গৌরনদীতে পরিবহনের কাউন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। স্থানীয়রা জানান, ঈদুল আযহা উপলক্ষে গ্রামে আসা লোকজন কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এজন্য পরিবহন কাউন্টারগুলো অতিরিক্ত ভাড়া আদায় সহ যাত্রি হয়রানি শুরু করে। মঙ্গলবার মাহিলাড়ায় পরিবহন কাউন্টারে অভিযান দেওয়ার পর বিভিন্ন বাসষ্ট্যান্ড কেন্দ্রিক পরিবহন কাউন্টারের দৃশ্যপট পাল্টে গেছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বুধবার দুপুরে জানান, কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে জন্য বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। সিট ভাড়া না টাঙানোয় মাহিলাড়া বাসষ্ট্যান্ডের দুইটি কাউন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।