গৌরনদী (বরিশাল) বরিশাল \ বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সবগুলো কেন্দ্র ঝূকিপূর্ন দাবী করে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ও প্রতিটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া এ আবেদন করেন।
আবেদনে তিনি (আলাউদ্দিন ভূইয়া) উল্লেখ করেন, নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে নির্বাচন কমিশন ঘোষিত সকল প্রকার নির্বাচনী আইন কানুন ও আচরণ বিধিমালা সঠিক ভাবে পালন করে আসছি। কিন্তু আমার প্রতিদ্বন্ধি মোবাইল ফোন প্রতীকের প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকে আমি ও আমার কর্মীদের এবং ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এমনকি আমার ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত না হওয়ার জন্য ভীতি প্রদর্শন করছে। তাই পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। যে কারনে আগামী ২৬ শে জুন ভোট গ্রহণের দিন সকল ভোটাররা সুষ্ঠভাবে তাহাদের নাগরিক অধিকার ভোট প্রয়োগের মাধ্যমে সম্পাদন করতে পারে সে জন্য পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য প্রধান নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়। আবেদনের অনুলিপি সরকারি বিভিন্ন দপ্তর প্রধানের কাছে পাঠানো হয়েছে। এবিষয়ে মেয়র প্রার্থী আলাউদ্দিন জানান, নির্বাচন কমিশনার আবেদনটি আমলে নিয়ে শান্তিপূর্ন নির্বাচনের স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।