• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ তিনজন নিহত, আহত-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২২, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় বৃদ্ধসহ তিনজন নিহত, আহত-৫

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলাদা সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫জন। আজ শনিবার (২২ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপুল ও শুক্রবার (২১ জুন) রাতে কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্যান্ডে এবং সদর উপজেলার ঘোনাপাড়ায় এসব দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার এবং গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামে আক্কাছ শেখের ছেলে ভ্যান চালক রিপন শেখ (৩৮), কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের বৃদ্ধ নিলমনী বিশ্বাস (৬৫) ও খুলনা জেলার ফালগুনী পরিবহনের হেলপার মিলন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, ভ্যান চালক রিপন নিজ বাড়ী থেকে ভ্যান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মুকসুদপুর বাজারে যাওয়ার সময় অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ী চাপা দেয়। এতে তার ভ্যানটি দূমড়ে মুচড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রিপনকে মৃত ঘোষনা করেন।

অপরদিকে ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্যান্ডের কাছে মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ নিলমনী বিশ্বাস। এসময় দ্রুতগামী বাস চাপা দিলে মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিলমনী বিশ্বাস মারা যান।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাক ঘোনাপাড়ায় পৌঁছালে ব্যাটারী চালিত একটি ইজিবাইককে সাইড দিতে গেলে বাস, ট্রাক ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ৬ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফালগুনী পরিবহনের হেলপার মিলনকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। #