স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি দোকান। এতে অন্ত:ত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আজ সোমবার (২৪ জুন) ভোররাত ৩টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার তেবাড়িয়া বাজারের বেলায়েত হোসেনের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই মার্কেটের হাবিব শেখের ৩টি, রানা কাজী, আদিম ভূইয়া ও মফিজ শেখের ১টি করে মোট ৬টি দোকান পুড়ে যায়। এরমধ্যে ৫টি মুদি দোকান ও একটি সমিতির অফিস রয়েছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এতে অন্তত ২০ লাখ টাকা মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাবিব শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত তিনটার দিকে জানতে পারি কার্কেটে আগুন লেগেছে। বাড়ী থেকে ছুটে এসেও নিজের দোকান রক্ষা করতে পারিনি। চোখের সামনে সব কিছু পড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ এই ব্যবসায়ী। #