স্টাফ রিপোর্টার :
বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় একযুগ পরে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান অপারেশন। এ ব্যবস্থা চালু হওয়ায় খুশি স্থানীয়রা। গত রবিবার(২৩ জুন) সকালে বামনা হাসপাতালে পশ্চিম সফিপুর গ্রামের মো.শিবলু নামে এক ব্যক্তির স্ত্রী মীম আক্তারের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্মদেন। এ নিয়ে মোট তিনজন প্রসুতি নারীর সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।
প্রসুতিদের সাথে কথা বলে জানাগেছে, হাসপাতাল থেকে ঔষধ সুধসহ সকল চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে এবং সদস্য জন্মনেওয়া শিশুদের হাসপাতাল থেকে গিফট সামগ্রীও দেওয়া হয়েছে।
বামনা হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. মোসা. খাদিজা আক্তার তিনজন প্রসুতির সিজারিয়ান অপারেশন করেন। রোগীদের এ্যানেস্থাসিয়া কনসালটেন্ট ছিলেন ডা. মো. মাহবুব হোসেন।
সম্প্রতি বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ গ্রহন করেন। উপজেলা পরিষদের মাধ্যমে জাইকার অর্থায়নে হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মানের বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দ দিয়ে তিনি একটি আধুনিক অপারেশন থিয়েটার নির্মান করেন। এখন সেই অপারেশন থিয়েটারেই গরীব অসহায় প্রসুতী মায়ের সিজারিয়ার অপারেশন করানো হচ্ছে।
বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান বলেন, একটি সরকারি হাসপাতালে অপারেশন থিয়েটার না থাকলে রোগীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এজন্য হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করি। এখানে এখন সিজারিয়ান অপারেশন করা হচ্ছে আশাকরছি ভবিষ্যতে বামনা হাসপাতালে সকল প্রকার অপারেশন করা হবে।