স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বন্দোবস্ত পাওয়া খাস জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যূদের অত্যাচারের হাত থেকে বাঁচার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ভূমিহীন নয়টি পরিবারের সদস্যরা।
আজ বুধবার (২৬ জনু) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কায্যালয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ভুক্তোভোগী ভূমিহীন পরিবারগুলো। মানববন্ধন শেষে বন্দোবস্ত পাওয়া খাস জমি দখলমুক্ত ও ভূমিদস্যূদের হাত থেকে বাঁচতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে ভুক্তোভোগী রীনা বেগম, সেলিনা বেগম, আলমগীর শেখ, ও জামেলা বেগম বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, ২০১৯ সালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার ২০৪ নং জলিরপাড় মৌজার ১নং খতিয়ানের ৪২২/১১৫১ নং দাগের খাস জমি কবুলিত দলিলের মাধ্যমে ভূমিহীন ৯টি পরিবারকে বন্দোবস্ত দেয়া হয়। পরে ২০২৩ সালে বন্দোবস্ত পাওয়া জমি দখণ নিতে আবেদন করা হলে ওই বছরই খাসজমি পরিমাপ করে সীমানা নির্ধারণ করে সীমান খুঁটি পুঁতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়। কিন্তু ওই এলাকার প্রভাবশালী ভূমিদস্যূ বিধান মজুমদার ও আনন্দ মজুমদার ওই জমির সীমানা খুঁটি ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দখল করে নেয়।
তারা আরো বলেন, এসব কাজে বাঁধা দিতে গেলে হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এতে চরম আতংকের মধ্যে রয়েছে ভূমিহীন ৯টি পরিবার। দ্রুত জমি দখলমুক্ত করে বুঝে পাওয়া ও ভূমিদস্যূদের অত্যাচারের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। #