ইতালি প্রতিনিধি :
নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করতে, আর বিদেশিদের কাছে বাংলা সংস্কৃতি তুলে ধরতে, ইতালির বলোনিয়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ওমেন্স এসোসিয়েশন অফ বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন।
শনিবার সংগঠনটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, স্থানীয় একটি হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংগঠনটি দুই বছর ধরে, প্রবাসে নারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা ও এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে, বাংলা শিখতে সহায়তার পাশাপাশি বাংলাদেশের কৃষ্টি-কালচার ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
ওমেন্স এসোসিয়েশন অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুন নাহার শিউলির সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় মেয়র মাত্তেও লেপোরে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশিদের কৃষ্টিকালচার,আর সংস্কৃতি নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। এসময় তিনি বাংলাদেশিদের পাশে থাকার কথা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ইতিালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা, প্রতিবছর এমন আয়োজনের দাবি জানান।
অনুষ্ঠানে পুরুষদের পরনে ছিলো লুঙ্গি, গায়ে ফতুয়া আর গলায় ছিলো গামছা। পাশাপাশি নারীরা নিজেদের সাজিয়ে তোলেন, সাদা আর নীল শাড়ীতে। শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে, লাল সবুজের এক টুকরো বাংলাদেশ।
আয়োজকরা নারী, পুরুষ ও নতুন প্রজন্মের শিশুদের জন্য দেশীয় খেলার আয়োজন করেন। বাংলার ঐহিত্য পালকি, কুলা, হাতপাখা, মাটির চিইকা, রিক্সা, বেবি ট্যাক্সিসহ নানা জিনিস বিদেশীদের সামনে হাজির করা হয়। সকলের সহযোগিতা পেলে, প্রতিবছর এমন অনুষ্ঠান করবেন বলে জানান, সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি নাজমুন নাহার শিউলি।
পরে ইউরোপের সাড়া জাগানো কন্ঠ শিল্পী মানসীব ও নৃত্য শিল্পী মোনালিসার পরিবেশনায়
এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।