• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ১০ম দিনের মত অনিদির্ষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বুধবার সকাল ১০টায় গোপালগঞ্জ শহরতলীর কাড়ারগাতিতে অবস্থিত পল্লী বিদ্যুত সমিতির প্রধান কার্যালয়ের সামনে দাবী সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। তবে জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে সমিতির সদর-দপ্তরসহ, ৪ টি জোনাল, ৩ টি সাব-জোনাল অফিস ও ১৫ টি অভিযোগ কেন্দ্রের সকল কর্মকর্তা, কর্মচারীরা ১০ম দিনের মত কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা।

আন্দোলন চলাকালে এজিএ পলাশ মালাকার, লাইন টেকনিশিয়ান ফকির নাজমুল ইসলাম, বিলিং সহকারী খাদিজা খাতুন, বিলিং সহকারী শক্তি বিশ্বাস, মিটার রিডার কামরুল ইসলাম, লাইন শ্রমিক নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলমান রয়েছে। গত সোমবার থেকে কর্মসূচি শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।’ #