স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ৫০ লক্ষ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (০৯ জুলাই) বিকালে ও সন্ধ্যায় দুইবার অভিযানে উপজেলার পাটগাতী বাজারের গোবিন্দ স্টোর থেকে এসব জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে উদ্ধার করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় উপজেলার পাটগাতী বাজারে দুইবার অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। অভিযানে পাটগাতী বাজারের গোবিন্দ স্টোরের দুইটি গুদাম থেকে ২১০ টি চায়না দূয়ারী ও ২ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, অভিযানে ৫০ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে গোবিন্দ স্টোরের মালিক সুশান্ত বিশ্বাস পালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়নি। দেশীয় মাছ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। #