মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
মেহেন্দিগন্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের (মাদারতলী এলাকার) ব্যবসায়ী আবুল কালামের কীটনাশকের দোকান থেকে ৫০ কেজি ওজনের ১০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু জানান গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল কৃত ১০ বস্তা সার বর্তমানে মেহেন্দিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, গোডাউন থেকে ইজিবাইকের মাধ্যমে কিভাবে সরকারি সারের বস্তা ব্যবসায়ী আবুল কালামের দোকানে নেওয়া হয়েছে সেই ব্যাপারে তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াসিনুল হক গণমাধ্যম কে জানান, ব্যবসায়ী আবুল কালাম ও ইজিবাইক চালক সুজন কে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।