স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের ঘের থেকে মাছ চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে ঘের থেকে মাছ ধরার সময় ওই তিনজকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)। পরে আজ শুক্রবার (১২ জুলাই) মাছ চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজির আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘের থেকে মাছ ধরা হচ্ছে এমন সংবাদ পাওয়ার কথা জানতে পেরে জেলা কর্মকর্তাকে জানানো হয়। পরে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে আটক করি। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় আমার দপ্তরের অফিস সহায়ক তৈমুর হাওলাদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি মো. ফিরোজ আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। #