স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ক্যান্সার সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ২ হাজার ৩৪৯ জন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ১১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, ২০১৯-২০২০ অর্থ বছর থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চিকিৎসা সহায়তার টাকা বিতরণ শুরু হয়। এর আগে ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে ২০১৮-২০১৯ অর্থ বছর পর্যন্ত ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের টাকা সমাজসেবা অধিদপ্তর থেকে সরাসরি বিতরণ করা হত। ২০১৯-২০২০ অর্থ বছরে গোপালগঞ্জ জেলায় ১৯৭ জনকে ৯৮ লাখ ৫০ হাজার টাকার প্রথম অনুদান জেলা প্রশাসন ও সমাজসেবা অফিস প্রদান করে। ২০২০-২০২১ অর্থ বছরে ১৮৪ জনকে ৯২ লাখ টাকার অনুদানে দেওয়া হয়। ২০২১-২০২২ অর্থবছরে ২ কোটি ২৮ লাখ টাকার অনুদান পান ৪৫৬ জন রোগী। ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৫৬ জন পান ৪ লাখ ২৮ হাজার টাকার প্রধানমন্ত্রীর অনুদানের টাকা। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ২৮ লাখ টাকার অনুদান পেয়েছেন ৬৫৬ জন রোগী।
ওই কর্মকর্তা আরো বলেন, মনবতার মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্তদের কথা বিবেচনা করে প্রতি বছর গোপালগঞ্জে বিপুল সংখ্যকরোগীকে চিকিৎসা সহায়তা বাবদ অর্থিক অনুদান দেন। এ অনুদানের টাকা পেয়ে রোগী ও তাদের পরিবারে সদস্যরা উপকৃত হন। অনেকে অনুদানের টাকায় চিকিৎসা গ্রহন করে সুস্থ জীবনে ফিরেছেন। আমরা অনুদানের টাকা বরাদ্দ পাওয়ার পর সরকারি বিধি অনুযায়ী আবেদন আহবান করি। আবেদন পাওয়ার পর রোগীদের সিভিল সার্জন অফিসের সহযোগিতায় সরকারের বেঁধে দেওয়া প্রক্রিয়ায় বাছাই করা করা হয়। তারপর সিলেক্ট রোগী প্রতি ৫০ হাজার টাকা করে এককালীন অর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়। এ টাকা তার রোগের চিকিৎসায় ব্যয় করেন। #