• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা বাজারে যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৩, ২০২৪, ১৫:৩১ অপরাহ্ণ
বামনা বাজারে যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ।

স্টাফ রিপোর্টার :
বামনা উপজেলার সদরের সাহেব বাড়ি বাজার একটি ঐতিহ্য বাজার কন্তুু ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন ডাস্টবিনের ব্যবস্থা না থাকায় শহরের বিভিন্ন জনবহুল রাস্তার পাশে এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বামনা সাহেববাড়ী বাজার কর্তৃপক্ষ নিয়মিত এই ময়লা পরিষ্কার না করায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
বামনা উপজেলা পরিষদের সামনেই নির্মানাধীন মডেল মসজিদের জায়গায় আবর্জনার স্তুপ দেয়ায় বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব। সাহেববাড়ী বাজারের সকল চায়ের দোকানের বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য সহ বাজারের সকল বর্জ্য এখানে ফেলা হয়। যার কারণে ক্রেতা, বিক্রেতা ও পথচারী মানুষজন দূর্গন্ধে অতিষ্ঠ। 
এদিকে বাজারের বিভিন্ন অলিগলি এবং রাস্তার পাশে ময়লা আবর্জনার কারনে সাধারন ক্রেতা ও বিক্রেতার মাঝে চরম ভোগান্তি বিরাজ করছে।
বামনা সাহেববাড়ী বাজার ব্যবসায়ীরা বলেন অন্যান্য বাজারের মত এ বাজার এলাকায় ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোন স্থান (ডাস্টবিন) নেই। এ কারণে ব্যবসায়ীরা যে যেখানে পারছে ময়লা আবর্জনা ফেলছে। এছাড়াও বামনা সাহেব বাড়ি বাজারে কোন পাবলিক টয়লেট না থাকায় বাজারের ব্যবসায়ী ও পথচারীরা সেইসব আবর্জনার স্তুপ এর জায়গায় পশ্রাব করছে। এ গুলো সঠিকভাবে পরিষ্কার করা হয় না। ফলে এগুলো পচে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।
এলাকাবাসী জানান, তাদেরকে প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বাজারে আসতে হয়। কিন্তু ময়লা-আবর্জনার দূর্গন্ধে আসতে হিমসিম খাচ্ছি। ময়লার দূর্গন্ধের কারনে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। দেখার যেন কেউ নেই।
বামনা সাহেববাড়ী বাজারের ব্যবসায়ী এবং সাধারণ মানুষজন অচিরেই এই সকল সমস্যা সমাধানে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জোরালো দাবী জানিয়েছেন। 
বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা জানান, বামনা প্রেসক্লাবের সম্মুখেই নির্মাণাধীন মডেল মসজিদের সামনে বিশাল আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। বামনায় বাজার কমিটি না থাকলেও ব্যবসায়ী কমিটি আছে। বাজারের ময়লা আবর্জনা পরিস্কার করার দায়িত্ব তাদের। কিন্তু বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে তারাও উদাসীন। উপজেলা প্রশাসনের কাছে অতিসত্বর একটি স্থায়ী ডাস্টবিন নির্মাণ করে বর্জ্য অপসারণ করার দাবী জানাচ্ছি।
বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ চৌধুরী কামরুজ্জামান সগীর জানান, বামনায় বর্জ্য অপসারণে স্থায়ী ব্যবস্থার পরিকল্পনা রয়েছে। জায়গা নির্ধারণের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি প্রকল্পের মাধ্যমে স্থায়ীভাবে এ সমস্যা নিরসন করতে পারবো।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান জানান, বামনায় স্থায়ী ডাস্টবিন নির্মানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণের প্রক্রিয়া চলমান আছে। আশা করি শীঘ্রই আমরা একটি স্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করতে পারবো।
বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান বলেন, আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে কেবল দায়িত্ব শুরু করেছি। তাই এখনও সব বিষয়ে জানা হয়ে উঠেনি। তবে বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।