স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোকাবহ আগস্টের তৃতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন (এমপি) ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় জাতীয় প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, সদস্য শাহানাজ সিদ্দিকী সোমা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনু, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলসহ প্রেসক্লাবের প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন। #