স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতৃকর্মীরা ও সাধারন মানুষ।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারন মানুষ অস্ত্রশস্ত্র, ঢাল-সড়কি ও লাঠি-সোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়। অবরোধের ফলে দিয়ে মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
বিক্ষোভ সমাবেশে পুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকিমুল ইসলাম মকিম বলেন, বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচূত্য করে তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা মনে করি শেখ হাসিনার প্রতি এটি অবিচার করা হয়েছে। যতদিন না পর্যন্ত শেখ হাসিনা দেশে ফিরে না আসে এবং আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় না আসে ততদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তিনি। #