আসাদুল ইসলাম, গাইবান্ধা
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭ টায় বামনডাঙ্গা শিববাড়ী মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ আয়োজন করে।
এ সময় প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা তাদের সারাজীবন মনে রাখবো।
এছাড়াও সরকার পতনের পর থেকেই বামনডাঙ্গা ইউনিয়নে যাতে কোন কূচক্রী মহল কোন প্রকার সহিংসতা,রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি, সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাংচুর না করতে পারে সেদিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে শিক্ষার্থীরা।