স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, বাড়ী-ঘর ও মন্দির ভাংচুর, হামলার প্রতিবাদে, হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ ৮ দফা দাবী বাস্তবায়নে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি ও কালী বাড়ির যৌথ ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ সোমবার সকাল ১০টা থেকে গোপালগঞ্জের পাঁচ উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা মিছিল সহকারে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীতে এসে জড়ো হয়। পরে সেখান থেকে বেলা ১১টায় বিক্ষাভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দুপুরের মধ্যে লক্ষাধিক ধর্মীয় সনাতন ধর্মাবলম্বিদের লোকজনের কানায় কানায় পূর্ন হয়ে যায়।
পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচী পালন করে। গোপালগঞ্জ কুয়াডাঙ্গা থেকে থেকে এলজিইডির মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় নিয্যাতন ও হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড, ব্যনার, ফেস্টুন প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
সমাবেশে অংশগ্রহনকারীরা লাখো কন্ঠে স্লোগানে স্লোগানে উচ্চারিত হচ্ছিলো ‘কথায় কথায় বাংলা ছাড়-বাংলা কি কারো বাপ দাদার’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠো আরেক বার’, ‘জেগেছে রে জেগেছে সনাতনীরা জেগেছে’, ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা ছেড়ে কোথাও যাবো না’ ‘স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘বিচার চাই বিচার চাই”, “হামলাকারীর বিচার চাই” ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
এসময় টুঙ্গিপাড়া-গোপালগঞ্জ সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভ সমাবেশ নারী ,পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন। পরে বেলা পৌনে এ বিক্ষোভ সমাবেশ সমাপ্তি ঘোষনা করেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সভাপতি রমেন সরকার।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় পপা, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় সিকদার, ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান নীতিশ বিশ্বাস, ছাত্র নেতা টিটো বৈদ্য, ছাত্র নেতা উজ্জ্বল বিশ্বাস, কেন্দ্রীয় সার্বজনীন কালী বাড়ীর সভাপতি রমেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক পল্টন হালদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, আশিষ বাকচীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ৮ দফা দাবী তুলে ধরে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ের নির্যাতন বন্ধের দাবী জানান। #