গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজারে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারে যাওয়ার পথে চলাচল সন্দেহজনক মনে করে বাহাদুর মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার দিবাগত রাত আড়াইটায় রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের উত্তর পাশ থেকে পুল পেরিয়ে উলানিয়া বন্দরে ঢাকাগামী বাস কাউন্টারে আসার পথিমধ্যে তাকে আটক করে পাহারাদাররা। ওই রাতেই গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা তাদের হাতে তুলে দেন। জানা গেছে, বাহাদুর উপজেলার ডাকুয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড মোতলেব মৃধার ছেলে। উলানিয়া বন্দরের স্থানীয় কামরুল ইসলাম, নাঈম ইসলাম, সুমন-সহ অনেকে জানান, আমরা এলাকাবাসি রাতভর এলাকা পাহারা দিচ্ছিলাম। এ সময় বাহাদুর মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। এ বিষয় বাহাদুর মৃধার বাবা মোতলেব মৃধা জানান, আমার ছেলে উলানিয়া বাজারে বাস স্ট্যান্ডে কাউন্টারের দায়িত্বে ছিল। প্রতিদিনের মত ঐদিন আমার ছেলে বাড়ি থেকে কাউন্টারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলে বাজারের কিছু লোক তাকে অহেতুক পূর্ব শত্রুতামূলকভাবে ফাঁসানোর চেষ্টা করেছে এবং থানায় দিয়েছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, বাহাদুরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।