• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ এর শহীদদের স্মরণে যবিপ্রবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ আবু সাইদসহ সকল শহীদের স্মরণে যবিপ্রবিতে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ণ
২৪ এর শহীদদের স্মরণে যবিপ্রবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ  আবু সাইদসহ সকল শহীদের স্মরণে যবিপ্রবিতে বৃক্ষরোপণ

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা।

শনিবার (১৭ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন রাস্তার পাশে আম, কাঁঠাল, কদবেল, লটকন, আতা, কামরাঙ্গা, গাব, জাম, কামিনী, কদমসহ ৫০টি ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপণে অংশ নেওয়া শিক্ষার্থী মো: জালিস মাহমুদ বলেন, শহীদ আবু সাঈদের বাবার দাবি অনুযায়ী আমরা ভাস্কর্য না বানিয়ে তাদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং শহীদদের স্মরণে ক্যাম্পাসকে সবুজায়ন করতে চায়। সেজন্য আমরা ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে মিলিয়ে ১৫০টির মতো গাছ লাগানোর চেষ্টা করছি।

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, আমাদের ক্যাম্পাস ছোট হলেও এখানে গাছের পরিমান অনেক কম। গাছ লাগানোর যথেষ্ট জায়গা রয়েছে। এমনিতেই যশোরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে,যার একটা বড় কারণ গাছের সংকট। তাই নিজেরাই নিজেদের পকেটের টাকা খরচ করে, ২৪ এর স্বাধীনতা আনতে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি। যাতে করে আমরা যে স্বাধীনতা পেয়েছি তার একটা স্মৃতি আমাদের হাত দিয়ে এই ক্যাম্পাসে থাকে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন আলি, মাসুম বিল্লাহ, জালিস মাহমুদ, আল শাহরিয়ার, সজিব বৈদ্য, ইমরান ফকির প্রমুখ।