স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দীর্ঘ ১৭ বছর পর সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে গোপালগঞ্জে মোটর শোভাযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ বৃস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতির নেতৃত্বে মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রা কের করা হয়। পরে শোভাযাত্রাটি সদর উপজেলার সাতপাড়, বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের গেটপাড়ায় গিয়ে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে জেলা শহরের পুলিশ লাইনস্ মোড়ে এক পথসভায় সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান হানিয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত ১৭ বছর তিনি বা তার দল কোন কর্মসূচী পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা বলেছেন, বিএনপি‘র এই নেতা দীর্ঘ ১৭ বছর দলের নেতাকর্মিদের কোন খোঁজ খবর রাখেননি। সংগঠনের অনেক নেতা কর্মি বিভিন্ন মামলায় জেল খেটেছেন। অনেকে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়িছেন। দীর্ঘ বছর তিনি নিস্ক্রীয় ছিলেন। বাড়ীতে আসলেও কোন নেতাকর্মির খবর নেননি। এখন সুসময় এসেছে মনে করে তিনি এলাকায় এসেছেন। তাঁর গোষ্ঠির কিছু লোকজন নিয়ে শোডাউন করেছেন। এতে মাঠের নেতাদের মন পাওয়া যাবে না বলেও তারা জানান। তবে, দল পুণগর্ঠিত হলে যে নেতৃত্বে থাকবেন আমরা সকলে তার সাথে কাজ করবো।
জেলা বিএনপি আহবায়ক শরীফ রাফিকুজ্জামান বলেন, ২০১৯ সালে যখন কেন্দ্র থেকে গোপালগঞ্জ জেলা বিএনপি‘র আহবায়ক কমিটি গঠন করা হয় তখন আমি সহ স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে সিরাজুল ইসলাম সিরাজকে সহ সাবেক ৪ সভাপতিকে জেলা বিএনপি‘র সিনিয়র সদস্য করা হয়। এর কিছু দিন পর সিরাজুল ইসলাম সিরাজ দল থেকে পদত্যাগ করেন। এরপর থেকে তার বলয়ের লোকজন নিস্ক্রিয় হয়ে যায়। তাই এখন তিনি বিএনপি‘র কেউ নয় এবং বিএনপি‘র নাম ও ব্যানার ব্যবহার করে কোন কার্যক্রম চালাতে পারেন না। কিন্তু তিনি দলীয় পরিচয় বহন করে বা দলীয় ব্যানারে কোন প্রোগ্রাম করলে কেন্দ্র জানানো হবে। তবে, ব্যক্তিগতভাবে যদি তিনি কোন কার্যক্রম চালান তাহলে চালাতে পারেন।
সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমি আগেও দলে ছিলেন এখনও আছি। আমি দল থেকে পদত্যাগ করিনি। আমি বিএনপি করি তাই বিএনপি‘র পক্ষে শোডাউন করেছি। আমি কেন্দ্রীয় বড় বড় কর্মসূচিতে সব সময় অংশ নিয়েছি। যা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানেন। আগামীতে গোপালগঞ্জ বিএনপি কমিটি হবে। আমরা সবাই মিলে মিশে কাজ করবো।