বরগুনা জেলা প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে বরগুনায় শনিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যদিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন। আমরা সুজন-এর পক্ষ থেকে দীর্ঘদিন থেকে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা গত ১১ আগস্ট একটি সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেছি। আজকে আমরা রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সারাদেশে আওয়াজ তুলেছি।
আজকের এই মানববন্ধন থেকে অন্তর্বর্তীকালীন সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের উদ্বাত্ত আহবান হত্যা, সহিংসতা, লুটপাট ইত্যাদিতে জড়িতদের চিহ্নিত করার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে দ্রুত তদন্ত কমিটি গঠন করুন। হত্যা ও সহিংসতায় জড়িতদের দ্রুততার সাথে বিচারের আওতায় আনুন,
আন্দোলনে নিহতদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা করুন ও ক্ষতিপূরণ দিন, আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করুন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনুন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো, রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করো, পরমত সহিষ্ণুতার বার্তা ও বৈচিত্র্যতার মাঝে ঐক্যের চেতনা ছড়িয়ে দাও, অসামপ্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান চাই, সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক ঐকমত্য চাই, সংবিধানের গণতান্ত্রিক চেতনা পরিপন্থী ৭০ অনুচ্ছেদের সংস্কার করো এবং প্রধানমন্ত্রী পদের টার্ম লিমিটি নির্ধারণ করো, আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক নির্বাচন চাই, ‘না’-ভোটের বিধান পুনঃপ্রবর্তন করো, নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন চাই, স্থানীয় সরকারের কর্মকাণ্ডে সংসদ সদস্যদের হস্তক্ষেপ নিষিদ্ধ করো, সংরক্ষিত নারী আসন এক-তৃতীয়াশে উন্নীত করো এবং প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করো, ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করো, ‘সাইবার সিকিউরিটি এ্যাক্ট-এর নির্যাতনমূলক ধারাসমূহ বাতিলসহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করো, সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়ন চাই এবং বিশেষ ট্রাইব্যুনালে দুর্নীবাজদের বিচার চাই: তরুণদের নেতৃত্ব বিকাশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করো, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো, একটি শোষণহীন মানবিক রাষ্ট্র চাই, সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই, রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ও আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কাদের, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সদস্য প্রফেসর মীর আব্দুল হক প্রমুখ।