আসাদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের সিলগালা ত্রাণের সেই চালগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় ৩০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
সোমবার (৯ সেপ্টম্বর) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান নিজেই উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে চালগুলো তুলে দেন।
এর আগে ইউনিয়নের কছিম বাজারের গোডাউনে সিলগালা করা চালগুলো প্রথমে কাকড়ায় এবং পরে নৌকাযোগে নিয়ে যান বিতরণের জায়গায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম্য পুলিশসহ অনেকে উপস্থিত ছিলেন চাল বিতরণকালে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম বলেন, সিলগালা করা চালগুলো সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য নির্দেশ দেই। পরে সে মোতাবেক সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চালগুলো বানভাসিদের মাঝে বিতরণ করেন।