• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ বাগচি (২৫) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী মরদেহ দেখে খবর দিলে পুলিশ উদ্ধার করে।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিধান চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত প্রতিবন্ধি যুবক কৃষ্ণ বাগচী জেলা শহরের গেটপাড়া এলাকার শরৎ বাগচীর ছেলে। সে রেলস্টেশনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতো।

উপপরিদর্শক বিধান চন্দ্র মল্লিক জানান, গতকাল বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয় প্রতিবন্ধী যুবক কৃষ্ণ। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে যায়নি। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কৃষ্ণ ঘটনাস্থলে মারা যায়।

পরে আজ শুক্রবার দুপুরে রেল লাইনের উপর মৃত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর হবে। #