স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় ১৬১ জনকে আসামী করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার অমিনুর রহমান আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি খন্দকার অমিনুর রহমান জানান, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে আসার কর্মসূচি ছিল। ওই দিন বিকাল চারটায় তার গাড়ি বহর গোপালগঞ্জের ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি আহত হয়ে ঢাকা ফিরে যান। পরে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া ফেরার পথে কুশলীতে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।
এ মামলায় টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন সর্দারসহ ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরো ১০০ জনকে। তবে এ ঘটনায় এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ আসামিদের গ্রেফতার অভিযান শুরু করেছে। #