• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হত্যার আগে তোফাজ্জলের পরিবারের কাছে চাওয়া হয় ২ লাখ ৩৫ হাজার টাকা; গ্রামে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ণ
হত্যার আগে তোফাজ্জলের পরিবারের কাছে চাওয়া হয় ২ লাখ ৩৫ হাজার টাকা; গ্রামে শোকের ছায়া

বরগুনা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে (৩২) হত্যার আগে তার পরিবারের কাছে ফোন করে দাবি করা হয়েছিলো ২ লাখ ৩৫ হাজার টাকা। তাকে আটকে রেখে স্বজনদের কাছে টাকা দাবি করায় বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, তোফাজ্জলকে আটকে রেখে আমার কাছে ফোন করে ২ লাখ ও আমরা মামা শ্বশুরের কাছে ৩৫ হাজার টাকা দাবি করা হয়। মোবাইল ফোন চুরির অপবাদে পিটুনিতে নিহত তোফাজ্জল বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী নামক এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন। প্রকৃত মেধাবী ছাত্র তোফাজ্জল বরিশাল বিএম কলেজ থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করেছেন।

এদিকে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাথারঘাটার চরদোয়ানি এলাকায়। স্থানীয় বাসিন্দা ও সহপাঠী- বন্ধুরা বলছেন, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন হলেও কখনও কারও ক্ষতি করেননি। ও যথেষ্ট ভদ্র স্বভাবের ছিলো।

তোফাজ্জলকে পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে টাকা দাবির বিষয়ে জানতে সরেজমিনে তার ভাইয়ের স্ত্রীর বাড়িতে গেলে শরীফা আক্তার বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০টার পরে একটা অপরিচিত নাম্বার থেকে তোফাজ্জল আমাকে ফোন করেন। এ সময় ও বলে, ভাবি আমাকে মোবাইল চুরির দায়ে হলে আটকে রেখে আমার কাছে টাকা চায়। এ কথা বলার পরেই ফোন কেটে দেয়। পরবর্তীতে ওই নাম্বার থেকে আবার কল দিয়ে আমার কাছে জানতে চাওয়া হয়, আমি তোফাজ্জলের কে হই? পরিচয় বলার পরে তারা আমাকে বলেন, তোফাজ্জলকে মোবাইল চুরির দায়ে আটকে রেখেছি ওকে আপনারা ছাড়িয়ে নিয়ে যান। এ সময় আমি তাদের বলি, ভাই ওর মাথায় সমস্যা আছে, ও আসলে চোর না। তোফাজ্জল একজন ভালো ছাত্র, অনার্স- মাস্টার্স শেষ করা ছাত্র, ওকে আপনারা ছেড়ে দিন। পরে তারা আমাকে বলেন, আপনার কথা রেকর্ড করা হচ্ছে। আপনি দুই লাখ টাকা পাঠান, না হলে তোফাজ্জেলকে আমরা মেরে ফেলবো। তখন তাদের আমি বলি, আমি মহিলা মানুষ, কীভাবে কি করব? আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারব না। পরে তোফাজ্জলের মামা-চাচা যারা ঢাকায় অবস্থান করছেন, তাদের মোবাইল নাম্বার দিয়ে দেই।

তিনি আরও বলেন, আমার কাছে টাকা দাবি করলে আমার অভিভাবক যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে বলি। এ সময় তারা ফোনে আমাকে বলেন, অভিভাবকরা যদি ফোন না ধরে তাহলে কিন্তু খবর আছে। পরে আমি আতঙ্কিত হয়ে চাচাতো ভাশুর এবং এলাকার চৌকিদারকে বিষয়টি জানালে তারা বলেন, তোফাজ্জল হয়ত কোনো পাগলামি করেছে, আপনি ফোন বন্ধ করে ঘুমান। এছাড়া তারা তোফাজ্জলের এক মামার কাছে ফোন দিয়ে আরও ৩৫ হাজার টাকা দাবি করা হয়। এরপর সকালে ঘুম থেকে উঠে মোবাইলে দেখতে পাই তোফাজ্জেলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

তোফাজ্জলের প্রতিবেশী লিটন তালুকদার বলেন, ‘তোফাজ্জল একজন মেধাবী ছাত্র, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। পরিবারের কেউ না থাকায় ওর চিকিৎসা করানো হয়নি। মানুষের কাছে হাত পেতে খেতেন। এলাকায় চুরি বা অন্য কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। ওর হত্যার খবর শুনে আমরা শোকাহত। এ হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।’

পরিবার সূত্রে জানা যায় তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দি কলেজ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১১ সালে তোফাজ্জলের বাবা আবদুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান, ২০১৩ সালে মা বিউটি বেগম লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। একমাত্র বড় ভাই নাসির পুলিশে চাকরি করতেন। ২০২৩ সালে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। পরিবারে রয়েছেন একমাত্র বড় ভাইয়ের স্ত্রী ও তার দুই সন্তান।

খোঁজ নিয়ে জানা যায়, তোফাজ্জল তার এলাকার একটি মেয়েকে পছন্দ করতেন। মেয়ের পরিবার ওই মেয়েকে অনত্র বিয়ে দেওয়ার পর তোফাজ্জল ২০২০ সালে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। পরিবারের কেউ না থাকায় পরিবার ও অভিভাবকহীন হয়ে ভবঘুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেন তিনি। ক্ষুধার তাড়নায় মানুষের কাছ থেকে চেয়ে খেতেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটুনিতে মারা যান তোফাজ্জল হোসেন। বুধবার দিবাগত রাতে হলে তাকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়েল পক্ষ থেকে শাহবাগ থানায় অভিযোগটি করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এরই মধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ।