স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে করা মামলায় মিজান সিকদার (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার থেকে তাকে আটক করা হয়। সোমবার সকালে আটক মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) আহাম্মেদ আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও ভাংচুরের অভিযোগের মামলায় মিজান সিকদার দুই নাম্বার আসামি ছিলেন। রবিবার রাতে তাকে আটক করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদার সহ ৬১ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করেছে। মামলায় অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণী জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে আসার কর্মসূচি ছিল। ঐদিন বিকাল ৪ টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে স্বাগত জানানোর জন্য টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নীলফা বাজারে অবস্থান করছিল বিএনপি নেতাকর্মীরা। তখন ঘোনাপাড়ার ঐ মারামারির ঘটনাটি জানাজানি হলে কুশলীর আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এছাড়া এসএম জিলানীকে স্বাগত জানানোর তোরণ ফেস্টুন ভাংচুর করে। #