স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিখোঁজের ৪ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের বাড়ীর পাশের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খুরশিদা আক্তার মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল জানান, গত ২০ সেপ্টেম্বর নিখোঁজ হন খুরশিদা আক্তার। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ মঙ্গলবার বিকালে বাড়ীর পাশের একটি পুকুরে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তবে একটি হত্যাকান্ড না কি পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে বলেও জানান ওসি। #