যবিপ্রবি প্রতিনিধি:
কেক কাটা, র্যালিসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফার্মেসি বিভাগের বর্ণাঢ্য আয়োজনে ‘Pharmacists Meeting Global Health Needs’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:০০ টায় যবিপ্রবি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনের প্রধান সড়ক থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে আবার বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নিচে কেক কাটা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
যবিপ্রবি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মোছাঃ ফারজানা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা সকলেই স্টুডেন্ট। আমরা শিক্ষকরা হলাম সিনিয়র স্টুডেন্ট আর চলমান শিক্ষার্থীরা হলেন জুনিয়র স্টুডেন্ট। বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের মত না, সেখানে শিক্ষকরা শিখায় শিক্ষার্থীরা মুখস্ত করে। আর বিশ্ববিদ্যালয়ে সবাই মিলে আমরা নলেজ শেয়ার করি, নলেজটাকে জেনারেট করি এবং ডেভেলপ করি। তারপর সেটাকে সমাজে উপস্থাপন করি। তাছাড়া বিশ্ববিদ্যালয় হল একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নামের সাথে বিশ্ববিদ্যালয় জড়িত তাই তোমাদের চিন্তা চেতনা হবে অনেক উচুমানের। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবহার এমন হতে হবে যাতে কেউ যেন তোমাদের প্রশ্নবিদ্ধ না করতে পারে। কেউ যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারও করে, তবে তোমাদের উচিত রাগকে নিয়ন্ত্রণ করে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেওয়া। তাহলে দেখবে সে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডীনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জঃ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনসহ ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।