ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বন্ধু ও এক ছোট ভাইকে নিয়ে নতুন মোটর সাইকেল কিনেছিলেন তনয় মজুমদার। পরে সেই মোটর সাইকেল চালিয়ে বাড়ীতে ফেরার পথে কাল হলো তাদের।
বাড়ীতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক কলেজ ছাত্র তনয় মজুমদার (২১) নিহত হন। আর আহত হয়েছে তার দুই বন্ধু।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস বিষটি নিশ্চিত করেছেন।
নিহত তনয় মজুমদার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামের লক্ষন মজুমদারের ছেলে এবং টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বাংলা বিভাগের অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন বন্ধু মনোজিত বিশ্বাস (২২) ও ছোট ভাই শাকিল (১৯)।
নিহত তনয়ের বন্ধু আহত মনোজিত বিশ্বাস জানায়, তনয় দুই বন্ধুকে নিয়ে গোপালগঞ্জ জেলা শহরের নতুন মোটর সাইকেল কিনতে আসে। পরে নতুন মোটর সাইকেল চালিয়ে দুই জনকে সাথে নিয়ে গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলার বহুগ্রামে যাচ্ছিল।
এ সময় মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তনয়সহ তিনজন মারাত্মক আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরতঃ চিকিৎসক তনয় মজুমদারকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিটলার বিশ্বাস জানান, সড়ক দূর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাপাতালে আনার আগেই তনয় মরা যায়। বাকী দুইজনকে হাসপাতালে ভরিত করা হয়েছে। #