• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৯ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে ওই শিশুর চিকিৎসা চলছে। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মনোতোষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী পাখরপাড় গ্রামের একটি মিশনারী স্কুলের দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছে।

শিশুটির বাবা জানান, ৩ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর বাড়িতে মাতৃহীন ৯ বছরের কন্যাশিশুকে নিয়ে থাকি। মেয়েটি স্থানীয় মিশনারী স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঘরে বসে বই পড়ছিল। এ সময় পাশ্ববর্তী চায়ের দোকানে গেলে ফাঁকা ঘরে একা পেয়ে একই গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে ইজিবাইক চালক মনোতোষ মধু (২৪) মুখ চেপে ধরে ধর্ষণ করে পালিয়ে যায়। মা মরা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ও আত্মীয়স্বজনের সাথে আলাপ করে লোকলজ্জার ভয়ে বাড়িতে চিকিৎসা দেই।

তিনি আরো বলেন, বরিবার (৬ অক্টোবর) মেয়েটি গুরতর অসুস্থ হয়ে পড়লে কোটালীপাড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে মেয়েটি গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য অখিল ওঝা জানান, ধর্ষক মনোতোষ মধু ইজিবাইক চালক। তিনি ইতোপূর্বেও এরকম আরো ঘটনা ঘটিয়েছেন। এসব নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-দরবারও হয়েছে। উপযুক্ত বিচার না হওয়ায় বারবার অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন। তাকে আটক করে উপযুক্ত বিচারের দাবী জানাই।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গতকাল মঙ্গলবার ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গাঁ-ঢাকা দিয়েছে। গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। #