রিপোর্টার– এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট–বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। ড্রাফটের তিনদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশগ্রহণকারী সাত দলের নাম প্রকাশ করেছে। পুরোনো চার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তিন প্রতিষ্ঠান। বাদ পড়েছে তিন পুরোনো দল। ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স এবারও বিপিএলে অংশ নিচ্ছে। নতুন করে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস (ওয়ালটন গ্রুপ/হারল্যান অ্যান্ড রিমার্ক ব্র্যান্ড), দুর্বার রাজশাহী (ভ্যালেনটাইন গ্রুপ) এবং চিটাগং কিংস (এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড)।
চিটাগংয়ের মালিকানা প্রতিষ্ঠানটি বিপিএলের প্রথম দুই আসরের পর আবার ফিরলো। দলগুলোর নাম ঘোষণার দিনে বিপিএল গভর্নিং কাউন্সিল ড্রাফট তালিকাও প্রকাশ করেছে। ছয়টি ক্যাটাগরিতে মোট ১৮৮ স্থানীয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
যেখানে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ। সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ১০ লাখ। ড্রাফট তালিকায় তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসান ও মাশরাফির নামও রয়েছে।