সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব গাববাড়িয়া গ্রামের এক সংখ্যালঘু পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনূস তালুকদারের বিরুদ্ধে।
মারধরের পরে সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোকে দেশ ত্যাগের জন্য হুমকি দিয়েছেন আওয়ামী লীগের ওই প্রভাবশালী নেতা। এঘটনায় এলাকায় মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং এরাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টার দিকে সংখ্যা লঘু খোকন সিকদারের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে গাছ কাটতে যায় স্থানীয় জয়নাল তালুকদারসহ বেশ কয়েকজন লোক। সংবাদ পেয়ে জমির মালিক খোকন সিকদার সেখানে বাঁধা প্রদান করলে তারা সটকে পড়ে। ওই দিন বিকেলে খোকন সিকদারের ছেলে জয় সিকদারকে পূর্বপরিকল্পিত ভাবে মারধর করে। আহত জয় সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত জয় সিকদারের (১৮) বাবা খোকন সিকদার (৫০) বলেন, ২০-২৫ জন সন্ত্রাসী আমার ছেলেকে মারধর করে। এরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের হুমকি দিয়েছে এবং আওয়ামী লীগের ওয়ার্ড সম্পাদক ইউনুস তালুকদার ও জয়নাল তালুকদার আমাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
এদিকে আওয়ামীলীগ নেতা ইউনুস তালুকদারকে একাধিক বার ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি।
এ বিষয় তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কালাম খান বলেন। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।