স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় সাড়ে ৪’শ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) রাতে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪’শ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলা দায়ের করেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, গত ২৬ নভেম্বর বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাটে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সড়ক অবরোধ করলে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তারা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদসহ ৩ পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখ করে ও ৪’শ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলা দায়ের করেন। #