স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমান রাজা’র প্রতারণা ও হয়রানির প্রতিবাদে গোপালগঞ্জ কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
আজ সোমবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলা কায্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান। এ সময় উপজেলা কমিটির পদত্যাগকৃত সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুনমুন বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সংগঠনের সাবেক সভাপতি হাসান জামান বলেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের নাম পরিবর্তন করে বেকার মুক্তি পরিষদ নামকরণ করা হয়। কাশিয়ানী উপজেলাসহ অন্যান্য ন্যাশনাল কর্মীদের চাকরি ফিরিয়ে দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিকুর রহমান রাজা। টাকা হাতিয়ে নেওয়ার কৌশল হিসেবে সরকারের বিভিন্ন দপ্তরের সামনে গিয়ে ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড ও জেলা উপজেলা কমিটির মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে খুব স্বল্প সময়ে চাকরি পাবার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ নাম সর্বস্ব এ সংগঠনের কোন নিবন্ধন বা উচ্চআদালতে কোন রিট করেনি।
তিনি আরো বলেন, সকলকে অনুরোধ করছি এই প্রতারক আতিকুর রহমান রাজার ফাঁদে পড়ে কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয়। তাই এ সংগঠন থেকে তিনি পদত্যাগ করেন বলেও ঘোষনা দেন। #