স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে লাইসেন্সের নিয়ম অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার দায়ে পিঠা গার্ডেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দিন এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দিন জানিয়েছেন, গত বুধবার বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের আবাসিক হোটেল থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়। অভিযান পরিচালনার সময় লাইসেন্সে থাকা নিয়মকানুন অমান্যের প্রমাণ মেলে। এ কারনে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে লাইসেন্সে থাকা নিয়মকানুন সঠিকভাবে পালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানকালে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। #