গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পাকা বসতঘরের কেঁচিগেটের তালা ও দরজা ভেঙ্গে বসতঘরের সবাইকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে বেকারী ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। খবরপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের।
রোববার দুপুরে ওই গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে মনির তালুকদার বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে কেঁচিগেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০/১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল। এসময় দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে, হাত-পা ও মুখ বেধে ফেলে। আমি ডাকচিৎকার দেওয়ার চেষ্টা করলে আমাকে পিটিয়ে আহত করে। ডাকাতরা বসতঘর থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পরে বিষয়টি রাতেই থানা পুলিশকে অবহিত করি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি নয় বলে প্রতিয়মান হচ্ছে। এরপরও এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।