স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সর্বদলীয় ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় মুকসুদপুরের কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় আন্তঃনগর ট্রেন স্টেশনে যাত্রা বিরতির দাবিতে বিভিন্ন শ্লোগান দেন তারা। এ মানববন্ধনে বিএনপি, জামায়েত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ ইসলামিক দলগুলোর নেতা-কর্মি ও সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিপি অ্যাডভোকেট মো: সুলাইমান সিদ্দীক বাদল, মুকসুদপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মুকসুদপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল আজিজ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে। এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। #