• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অর্ধ কোটি টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সংবাদ সম্মেলন করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১৭:২২ অপরাহ্ণ
অর্ধ কোটি টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সংবাদ সম্মেলন করলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ

 

 

সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় যুবদল কর্মীকে নির্মম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, হত্যাকারীরা কেউই ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য না। প্রমাণ করতে পারলে ৫০ লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান কাশেমী।

শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী। লিখিত বক্তব্য তিনি বলেন, ১ জানুয়ারি মঙ্গলবার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় যুবদল নেতা নাসির উদ্দিনকে রগ কেটে নির্মমভাবে হত্যার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এই হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা মুফতি ওমর ফারুক জিহাদি বলেন, এই জঘন্য হত্যাকাণ্ড কোনোভাবেই মানবিক বা ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, প্রতিষ্ঠার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের কোনো সদস্য বা কর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয়। যারা এই জঘন্য কাজ করেছে, তারা আমাদের সংগঠনের কেউই না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হত্যাকারী রাব্বি ও হাসান ইসলামী আন্দোলন বা এর সহযোগী সংগঠনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটি কুচক্রী মহল আমাদের সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই অপচেষ্টার জন্য দায়ী মহলকে দুঃখ প্রকাশসহ ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি।

ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা আরও জানায়, যে কোনো হত্যাকাণ্ড অমানবিক ও নিন্দনীয়। হত্যাকারীরা যে দলেরই হোক না কেন, আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি। দেশের শান্তিপ্রিয় জনগণের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলন সবসময় বদ্ধপরিকর এবং সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা রেজাউল করিম আকন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুতাসিম বিল্লাহ আল মামুন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বরগুনা সদর উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান প্রমুখ।