• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“হোক না অ্যাম্বুলেন্স তাতে কি? করতেই হবে ডাকাতি”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ণ
“হোক না অ্যাম্বুলেন্স তাতে কি? করতেই হবে ডাকাতি”

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : হোক না অ্যাম্বুলেন্স তাতে কি? করতেই হবে ডাকাতি। আর রোগীসহ এমন ডাকাতির খপ্পরে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি।

এসময় ডাকাতরা রোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে অ্যাম্বুলেন্সটি ভাংচুর করে। এতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (০৮ জানুয়ারী) রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দায় এ ডাকাতির ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, গতকাল বুধবার রাতে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারী অ্যাম্বুলেন্স করে হার্ট এটাকের এক রোগীকে ফরিদপুর মেডিকেল কলেজ নিয়ে যাচ্ছিল রোগীর স্বজনরা। এসময় রাত ২টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা পৌঁছালে একদল ডাকাত অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে।

এসময় অস্ত্রের মুখে জিম্মি করে চালক ও রোগীর স্বজনদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়।
ডাকাতি শেষ করে অ্যাম্বুলেন্সের ৩টি গ্লাস ভেঙ্গে ফেলে এবং অন্যান্য ক্ষতিসাধন করে।

তিনি আরো জানান, অ্যাম্বুলেন্সটির ক্ষতি সাধন করায় হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে পড়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। #