• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিস্ট সরকারের স্মৃতি মুছে হল ও লাইব্রেরির নাম বদলালো ববি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৫:১৫ অপরাহ্ণ
ফ্যাসিস্ট সরকারের স্মৃতি মুছে হল ও লাইব্রেরির নাম বদলালো ববি শিক্ষার্থীরা

 

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও দুটি হলের নাম পরিবর্তন করে নতুন নামের ব্যানার টানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে, শিক্ষার্থীরা “শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরী” নাম সরিয়ে “কেন্দ্রীয় গ্রন্থাগার,” “বঙ্গবন্ধু হল” পরিবর্তে “বিজয়-২৪ হল,” এবং “শেখ হাসিনা হল” পরিবর্তে “কবি সুফিয়া কামাল হল” নামের ব্যানার টাঙিয়ে দেন।

জানা যায়, বর্তমান সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীরা হল ও লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। গত ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করলেও, এক মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে নাম পরিবর্তন করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছি। প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় সম্মিলিত সিদ্ধান্তে আমরা নিজ উদ্যোগে নাম পরিবর্তন করেছি। এ নিয়ে কোনো বিতর্ক হবে না।”

তবে হলের নাম পরিবর্তন কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. মেহেদী হাসান বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে মিটিং করেছি এবং উপাচার্যের সাথেও আলোচনা হয়েছে। কিন্তু কমিটি থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শিক্ষার্থীরা যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এটিএম রফিকুল ইসলাম বলেন, “নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি বিভিন্ন নাম সুপারিশ করবে, এবং সিন্ডিকেট সেই সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ পর্যন্ত কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি।”