• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৩:৫০ অপরাহ্ণ
স্বৈরাচারের দোসররা দেশে বিশৃঙ্খলা করছে : সেলিমা রহমান

বরিশাল অফিস :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা করছে। এদেরকে প্রতিহত করে দেশকে মুক্ত করতে হবে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার বিকালে বরিশাল জেলার হিজলা উপজেলা পরিষদ মাঠে স্থানীয় বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে হিজলা উপজেলা বিএনপির উদ্যোগে এই জনসমাবেশ হয়েছে।
সেলিমা রহমান আরও বলেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ের দল। এই দল দেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তাই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে তারেক রহমান ৩১ দফা উত্থাপন করেছেন। বিএনপির এই দফাগুলো বাস্তবায়ন হলেই দেশের মানুষ তার সব নাগরিক অধিকার ফিরে পাবে।

হিজলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল গাফফার তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চান, উত্তর জেলা বিএনপির নেতা এডভোকেট নুরুল আলম রাজু প্রমুখ।