স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে অন্ততঃ ৩০জন আহত হয়েছে। মারাত্মক আহতদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিঙ্গারকুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারাত্মক আহত মুসলিম শেখ (৭০), শহিদুল শেখ (৪০), আনোয়ার শেখ (৩০), রাসেল মোল্লা (৩২), কালন মোল্লা (৩৫), শাহ আলম মোল্লা (৪৮), বাবলু মোল্লা (৪৫), রাব্বি মোল্লা (১৯), বাবুল মোল্লা (৫৫) মিলন শেখ (২৫) ও মোহাম্মদ হৃদয় শেখ (১৯) মোট ১৫জন গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি-জমা নিয়ে সিঙ্গারকুল গ্রামের মুসলিম শেখের সাথে বাবলু মোল্লার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া ও পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকীরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে থাকলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই থানায় াভিযোগ দায়ের করেনি। #