স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনায় ৩৩ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ রবিবার (২৬ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
তিনি আরো বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ নামে ১৩ জন ও অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান ওসি।
প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। এ হামলায় ২ সমন্বয়কসহ ৫জন আহত হন। #