• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৩:০৮ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৯ দিনের কর্মসূচির ঘোষণা দেয়। তার প্রতিবাদে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা তা হতে দেব না। আমরা দেখেছি, ছাত্র জনতার অভ্যুত্থানের পর তাদের নামমাত্র নিষিদ্ধ করা হলেও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ফলে তারা এখন আবার কর্মসূচির মাধ্যমে ধৃষ্টতা দেখানোর সাহস পাচ্ছে, যা সরকারের ব্যর্থতা স্পষ্টভাবে প্রকাশ করছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।”

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী মাহমুদ ইমরান বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো ক্ষমতায় ফেরার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো সন্ত্রাসী সংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।”

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আজমাইন সাকিব, মাহমুদ ইমরান, মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, আবুবকর রিফাত, ওসমান সাকিব, তুহিন মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, মো. জাফর আলী, মো. মিরাজ, আলভী, মো. রবিউল, মো. সাকিব মিয়া, সায়মন, তাহমিদ হক মামুন, রতন প্রমুখ।

ছাত্রদলের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের কার্যক্রম হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।